নাব্যতা বৃদ্ধিতে রেকর্ড সৃষ্টি করল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর থেকে সর্বকালীন রেকর্ড তৈরি করল হলদিয়া বন্দর। বর্তমানে হলদিয়া বন্দরের নাব্যতা ৯.২ মিটার। বন্দর কর্তৃপক্ষের আশা , আগামী দিনে আর ও বড় জাহাজ আসতে পারবে হলদিয়া বন্দরে। রাজস্ব বাড়বে হলদিয়া বন্দরের । খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন।
বন্দর সূত্রে খবর, ১৮৭০ সালে কলকাতা বন্দর প্রতিষ্ঠা হয়েছিল। পার হয়েছে প্রায় ১৫৫ বছর। অধিকাংশ সময়েই হলদিয়া এবং কলকাতা বন্দরের নাব্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
হলদিয়া বন্দরের নাব্যতা বৃদ্ধি করতে তৎপর হয় হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বিগত অর্থ বর্ষে প্রায়২০০ কোটি টাকা লভ্যাংশ কম হয়েছে বন্দরের। দীর্ঘদিন ধরে হলদিয়া এবং কলকাতা বন্দরে ক্যাপিটাল ড্রেজিং করা হয়নি। উল্টে কেন্দ্রীয় সরকারের তরফে বারবার আত্মনির্ভর হওয়ার বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি হলদিয়া বন্দরের নাব্যতা একলাফে প্রায় ৭০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগে হলদিয়া বন্দরের দিনে নাব্যতা ছিল ৮.৫ মিটার। বর্তমানে নাব্যতা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.২ মিটার। কিভাবে সম্ভব হল এই নাব্যতা বৃদ্ধি। বন্দর কর্তৃপক্ষের আধিকারিকদের একাংশের দাবি, জাহাজের হালের ( জাহাজের একদম নিচের অংশ) থেকে
নদী বক্ষ ( রিভার বেড) দূরত্ব থাকা উচিত ০. ৬ মিটার অর্থাৎ ৬০ সেন্টিমিটার। জাহাজের পরিভাষাতে বলা হয় ইউ কে সি। ( আন্ডার কিল ক্লিয়ারেন্স) । নাব্যতা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণে পণ্য বোঝাই করে জাহাজ বন্দরে প্রবেশ করতে পারবে। সেই পণ্য পরিবহন করে রাজস্ব বাড়াবে বন্দর কর্তৃপক্ষ। এর আগে হলদিয়া বন্দরে নাব্যতা ছিল ৮.৫ মিটার। ইউকে সি বজায় রেখে ৯.২ মিটার নাব্যতা হওয়ার ফলে বড় বড় জাহাজ প্রবেশ করতে পারছে হলদিয়া বন্দরে। বন্দর আধিকারিকদের একাংশের দাবি, নাব্যতা বৃদ্ধি হলে টিপিসি( টনেজ পার সেন্টিমিটার) বৃদ্ধি পাবে।
বর্তমানে প্যানামেক্স ( দৈর্ঘ্য ২০০ থেকে ২৩০ মিটার) জাহাজ হলদিয়া বন্দরে প্রবেশ করতে পারবে। সেই জাহাজ প্রায় ৫০০০০ থেকে ৬০০০০ ডি ডব্লিউ টি ( ডেড ওয়েট টন এজ) মেট্রিক টন পণ্য নিয়ে আসতে পারবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের পাইলট গিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল ঘোষ বলেন,” হলদিয়া বন্দরে দিনের বেলাতে নাব্যতা বৃদ্ধি পেয়ে ৯.২ মিটার হয়েছে। আমরা পাইলটরা নাব্যতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছি। নাব্যতা বৃদ্ধি হওয়ার ফলে বন্দরের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। এর আগে কোনদিন ৯.২ মিটার নাব্যতা পাওয়া সম্ভব হয়নি। বর্তমানে কলকাতা বন্দরে ও নাইট নেভিগেশন চালু হয়েছে।”
হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার ( মেরিন) ভবতোষ চাঁদ বলেন,” বন্দর আধিকারিক এবং পাইলটদের প্রচেষ্টাতে নাব্যতা বৃদ্ধি পেয়েছে। সবদিক থেকেই চেষ্টা করা হচ্ছে যাতে আরো বেশি বড় জাহাজ এবং আরো বেশি সংখ্যক আমদানি রপ্তানিকারক সংস্থা হলদিয়া বন্দরের সাথে ব্যবসা করতে পারে। এই নাব্যতা বৃদ্ধির ফলে আরো বড় বড় জাহাজ হলদিয়া বন্দরে আসতে পারবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here